সূপ্রণা - কথা ছিল বৃষ্টি নামবে,
বৃষ্টি নামবে চোখের দেয়াল বেয়ে,
আমি হারিয়ে গেলে;
বৃষ্টি নামেনি আর কখনোই নামবেনা
আমি হারিয়ে গেছি।
সূপ্রণা - কথার পিঠে চড়ে বসা কথা
গান হয়ে প্রেমিকার স্বরে হৃদয়কোষে হামলা করে,
জানতেও পারিনা কি বিষে মরে যাই,
কি বিষে দড়পড়াই মাঝ রাতে।
সূপ্রণা - বিশ্বাস আমারো হয়না,
আমি হারিয়ে গেছি!
এই অবিশ্বাস্য বাক্যটি রটিয়ে দাও
আকাশে আকাশে - প্রান্তরে প্রান্তরে
দেয়ালে দেয়ালে - কানে কানে।
সূপ্রণা - তোমার কাজলে মাখা নয়ন!
আমার স্বপ্নের আকাশ,
যে চোখের দেয়াল ভেবে হারানোর পরেও হারিয়ে যাই,
সে দেয়াল যেন না জানে আমি হারিয়ে গেছি।
সূপ্রণা - কথা ছিল - কথা ছিল বৃষ্টি নামবে,
তোমার চোখের দেয়ালে;
কথা তুমি রাখোনি - আমিও ত কত কথা রাখিনি?
কথা কেউ রাখেনা - সূপ্রণা।
.....................................................
কথা রাখার বিশেষ প্রয়োজন ছিলনা,
চোখের দেয়ালে বৃষ্টি নামলেই ভালবাসা হয়না!
মেঘলা আকাশ দেখার ইচ্ছা জাগে - হারিয়ে যাওয়ার পর,
বৃষ্টি নামা আকাশ নয়।।
.
october 03, 2017
9:22 am
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন