অনেক প্রতিশ্রুতি পাওয়া জীবনে
রয়েছে বেখাপ্পা ছেনাল ছাগলের ভীষণ যন্ত্রণা,
ছাগলে খাওয়া গাছের আগা নাকি আর বাড়েনা!
প্রতিশ্রুতিগুলাও তাই ছাগলের মুখেই শেষ,
আমি তাই আর বিশ্বাস করিনা
আমি তাই আর কতৃপক্ষে বিচার চাইনা
আমি তাই আর ঘুমাতে পারিনা।
গত সব শব প্রতিশ্রুতির ভঙ্গুরতা আমাকে ঘুমাতে দেয়নি!
এই ভেবোনা;
আমার বরং ঘুম হয়নি একটা পথের খোঁজে।
একটা পথ খুঁজছি আমি,
যে পথে হেঁটে গেলে কবিতার কিতাব হাতে
চোখে লাল রঙের চশমায়
পায়ে গত বর্ষায় টিকে যাওয়া আধছেঁড়া স্যান্ডেলে
মৌন কোনো মিছিল সমেত,
অথবা কবিতার গুঞ্জন কন্ঠে...
আমি তুমি আমরা সবাই!
খুঁজে পাবো স্বস্তি
খুঁজে পাবো রাত ঘুম
ফিরে পাবো দুপুরের ভাত ঘুম
আর অপার স্বাধীনতা।
মোরগডাকা ভোর শুনতে পাবো আবারো আরো একবার
এই নগরীর প্রত্যেকটা স্বার্থপর দেয়াল খসে গিয়ে!!
সেইরকম একটি পথের খোঁজে আমি ঘুমাতে পারিনি।
আমার লাল চউখে ভয় পেয়োনা প্রিয়তমা
এই চউখ তোমাকে এনে দিতে চায় অপার স্বাধীনতা
ফিরিয়ে দিতে চায় কথা বলার মত প্রকাশের অধিকার;
দ্যাখো একদিন তোমারে মাঝ রাতের ঘুমে রেখে
নির্ঘুম আমি — হেঁটে হেঁটে চলে যাবো বহুদূর
তারপর সমস্ত হাঁটা পথ শেষে বিজয়ী আমি
তোমাকে শুনাতে গল্পকথা আবার ফিরে আসবো।
না ফিরলে!
গুম হয়ে গেলে!
নতুন কাফনের কাপড়ে মোড়ানো পোষাকে ফিরলে!
অথবা অনাকাঙ্ক্ষিত খুন হয়ে গেলে —
শুধুমাত্র পথ খোঁজার দায়ে
রাগ করোনা প্রিয়তমা কিংবা অভিযোগ রেখোনা
আমি তোমাকে এনে দিবো অপার স্বাধীনতা।।
০৯ অক্টোবর ২০১৯ : প্রসঙ্গ — আবরার হত্যা
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন